
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বিএনপি একটি বড়ো রাজনৈতিক দল।
এখানে অনেক প্রার্থী থাকা স্বাভাবিক। কিন্তু দিনশেষে দল একটি আসনের জন্যে একজনকেই মনোনয়ন দিয়েছে। চাঁদপুর-৪ আসনেও তা-ই হয়েছে। আমরা অনেকেই মনোনয়ন চেয়েছি, দল আমাকে মনোনয়ন দিয়েছে। প্রথমেই আমি বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটিসহ সকলের প্রতি কৃতজ্ঞ। আজ মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে প্রথম কাজ শেষ হলো।
এখন আমার পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর দায়িত্ব হলো সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের বিজয় নিশ্চিতে মাঠে ঝাঁপিয়ে পড়া। আমিও তাদের ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে মাঠে নামার আহ্বান জানাই। এছাড়া যারা মনোনয়ন দাখিল করেছেন তারাও নিশ্চয়ই দলের বাইরে যাবেন না।
কারণ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নিজের জন্মভূমিতে ফিরেছেন। অন্যদিকে আমাদের দেশমাতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের সকলের উচিত তাদের জন্যে এবং এই দেশ ও জাতিকে আগামীর নতুন বাংলাদেশ উপহার দিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা। সেই কাজ আমরা ফরিদগঞ্জ থেকেই শুরু করতে চাই।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার হাতে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথাগুলো বলেন।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির নেতৃত্বাধীন একটি জোট, অন্যদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বে আরেকটি জোট নির্বাচনী মাঠে লড়ছে। এটা নতুন কিছু নয়। জনগণ নিশ্চয়ই জানেন, কোন্ জোট দিয়ে এ দেশের উন্নয়ন হবে। কোন্ জোটের কাছে এদেশের মানুষ নির্ভার থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত থাকবে।
তাদেরকেই তারা ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবে। আমাদের নেতা-কর্মীরা নির্বাচনের জন্যে প্রস্তুত রয়েছে।মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাছির পাটওয়ারী,
মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল থান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, উপজেলা যুবদলের মো. আলম, পেয়ার আহাম্মদ, পৌর যুবদলের শাওন পাঠানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।



