
মহসিন হোসাইন: চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর ক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এর পদোন্নতিজনিত বদলিকে কেন্দ্র করে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর ক্লাবের আয়োজনে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আপনারা দীর্ঘ সময় ধরে আমার কথা শুনতে বসে আছেন—এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক হিসেবে যে সময়টিতে আমি চাঁদপুরে এসেছি, সেটা ছিল এক কঠিন সময়। আমি চেষ্টা করেছি দায়িত্বশীলভাবে কাজ করতে, জনগণের সেবা দিতে। তিনি আরও বলেন, জুলাই মাসের ক্রান্তিকালীন সময়টি ছিল আত্মঘাতী ও চ্যালেঞ্জপূর্ণ। তখন সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী, সিভিল সোসাইটি এবং জেলার সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। তাদের সুখ-দুঃখের কথা শুনেছি, সমস্যার সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, জুলাইয়ের পরে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করা ছিল সবচেয়ে কঠিন কাজ। সেখানে সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছি।
চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গভর্নমেন্ট না থাকায় উন্নয়নমূলক কাজগুলো সহজ ছিল না। তবুও নাগরিক সেবা অব্যাহত রেখেছি। কোনো উপজেলা বা ইউনিয়নে সেবা এক মুহূর্তের জন্যও বন্ধ রাখিনি।
তিনি আরও যোগ করেন, চাঁদপুরের উন্নয়নের সম্ভাবনা আমি সরকারের কাছে তুলে ধরেছি। যতটা সম্ভব করেছি এবং মন থেকে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও সাধারণ মানুষকে উন্নয়নের জন্য আরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডহক কমিটির সদস্য সচিব এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক ছিদ্দিক,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাস রায়, এডহক কমিটির সদস্য ডা. মোবারক হোসেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এক আবেগঘন বক্তব্যে বলেন,আজকে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হচ্ছে। কারণ, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুব ঘনিষ্ঠ। আমরা প্রেমিক-প্রেমিকার মতো কথা বলেছি—দিনরাতের কোনো হিসেব ছিল না। যখনই কথা বলেছি, কাছের মানুষ হিসেবেই কথা বলেছি।
এতে আমাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তিনি আরও বলেন, চাঁদপুর ক্লাবের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে নিয়ম মেনে চলতে হবে। ক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদায়ী জেলা প্রশাসক আমাদের গর্ব, আমরা চাই তিনি স্ব-পরিবারে চাঁদপুরে ফিরে আসুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাছিম আহমেদ টিটো, জেলা এনএসআই-এর যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সাফায়েত আহমদ সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বাবর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল ঘোষ, ডা. শহিদুল্লাহ, জেলা পরিষদ প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশসহ ক্লাবের জ্যেষ্ঠ সদস্যবৃন্দ,
রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাঁদপুর ক্লাবের এডহক কমিটির সদস্য শেখ মনির হোসেন বাবু। অনুষ্ঠানের শেষে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে চাঁদপুর ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এদিন জেলা প্রশাসকের বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁকে শুভকামনা জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। (১ম পৃষ্ঠার ২কলাম ) ক্যাপশন: গতকাল চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর ক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করেন চাঁদপুর ক্লাবের পক্ষ হতে। ছবি- দৈনিক চাঁদপুর খবর



