
চাঁদপুর খবর রিপোর্ট: রেলওয়ে নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুর জেলার চারটি রেলওয়ে স্টেশনে ৩৫ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
২৮ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তাঁরা সংশ্লিষ্ট স্টেশনগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে রেলওয়ে স্থাপনা, যাত্রীসাধারণ এবং রেল চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে রেলওয়ে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে ১৭৭টি রেলওয়ে স্টেশনে ২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৮টি স্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা আনসার সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।
দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।



