চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫খ্রি.) বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, আজ আমার চাঁদপুরে কর্মরত চৌদ্দমাস পূর্ণ হয়েছে। চাঁদপুরে দায়িত্ব পালনকালে আপনাদের ভালোবাসা ও প্রশংসা পেয়ে আমি সত্যিই আনন্দিত ও অভিভূত। এই প্রেসক্লাবের সকল প্রোগ্রামে আমার আসা হয়েছে। আপনাদের ব্যবহার, আবেগ ও অনুভূতি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই প্রেসক্লাবের শৃঙ্খলা রক্ষায় আমারও ভূমিকা ছিলো। আমি চাঁদপুরের সাংবাদিকদের পাশে ছিলাম এবং থাকবো। আমি যেখানে থাকি আপনাদের কথা আমার স্বরণ থাকবে।

চাঁদপুরের সিভিল সোসাইটি, প্রেসার গ্রুপ ও সাংবাদিকদের জন্য আমি কিছু সম্ভাবনার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, যা নিয়ে ভবিষ্যতে আপনারা কাজ করতে পারবেন। আমি জেলার উন্নয়নে সরকারের কাছে চাঁদপুরকে নিয়ে সম্ভাবনা তুলে ধরেছি। জেলার মেডিকেল কলেজের জন্য ভূমি নির্ধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫৭ একর ভূমি অধিগ্রহণ এবং প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য ভূমি অধিগ্রহণে কাজ করেছি। এছাড়াও চাঁদপুর ও হাইমচরে স্টেডিয়াম মাঠ নির্মাণের প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, আমি দায়িত্বে থাকাকালীন স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। কেউ কোনো অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সকলেই বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর রেখেছেন এবং সহযোগিতা করেছেন।

তিনি বলেন, আমার বিদায়লগ্নে এই স্বল্প সময়ের মধ্যে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় চাঁদপুর প্রেসক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কখনোই আমার ব্যক্তিগত বিষয় ফেসবুকে শেয়ার করি না। তবে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, এজন্য কেউ কেউ আমাকে ভিন্নভাবে দেখেছেন, যা আমি স্বাভাবিকভাবেই গ্রহণ করি।

বিদায়ী জেলা প্রশাসক আরও বলেন, ফেসবুকে আমাকে নিয়ে কেউ কেউ প্রশংসা করেছেন, কেউ কেউ সমালোচনাও করেছেন। এটাকে আমি স্বাগত জানাচ্ছি। আবার অনেক জেলা প্রশাসককে নিয়ে সাংবাদিকরা ভালো মন্তব্য করেছেন, এগুলো থেকেও শেখার আছে। জেলা প্রশাসকের কাজ অনেক বিস্তৃত। সমাজের শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, উন্নয়ন পরিকল্পনা সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব জেলা প্রশাসকের।

এ সময় তিনি সাবেক জেলা প্রশাসকদের কাজের প্রশংসা করে বলেন, সাবেক ডিসিরা সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, তা সত্যিই অনুকরণীয়। এ সময়ে আমি সমাজের শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করেছি। দেশের কঠিন সময়ে আপনাদের সঙ্গে নিয়ে যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি। যারা সমালোচনা করেছেন, তাদের কথায় মনোযোগ না দিয়ে বরং সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি রাজনৈতিক সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম। আমি আপনাদের মাধ্যমে সব রাজনৈতিক, সাংবাদিক ,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই।

এসময় নিউইয়ার্ক থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন,

সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, সময় টিভির চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এমন এক ক্রান্তিকালে চাঁদপুরে দায়িত্ব পালন করেছেন, যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। তিনি যেভাবে চাঁদপুরকে আগ্লে রেখেছেন, তা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। চাঁদপুরে মব সৃষ্টি হতে দেননি। চাঁদপুরের আগামীর পরিকল্পনা, উন্নয়ন চিন্তা ও ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে তিনি এক স্বপ্নদ্রষ্টা প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি চাঁদপুরের সাংবাদিকদের বন্ধু হিসেবে নিয়েছেন।

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, দেশের ক্রান্তিকালে চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মহোদয় দৃঢ়তা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সব সময় সাংবাদিকদের পাশে থেকেছেন এবং খুব অল্প সময়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জণ করেছেন।

তিনি চাঁদপুরে মব সৃষ্টি হতে দেননি। চাঁদপুরের জন্য তার নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে আমরা পরবর্তী জেলা প্রশাসকের কাছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি। তিনি চাঁদপুরের সাংবাদিকদের বন্ধু মনে করেন।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন’কে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে পত্রিকার সংক্রান্ত উপহার প্রদান করা হয়। এসময় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্যাহ। সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর