
মহসিন হোসাইন : চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডে ওএমএস (Open Market Sale) ডিলারশিপ নিয়ে বিরোধের জেরে, মারধর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত হয়েছেন দুজন। ঘটনাটি ঘটে রবিবার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে শহরের নিউ ট্রাক রোড এলাকার একটি দোকানে। ভুক্তভোগী মোঃ মহিউদ্দিন মোল্লা (৩৫), পিতা-আন্দুর রব মোল্লা, চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের বাসিন্দা, সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে খাদ্য অফিস থেকে তার নামে একটি ওএমএস ডিলারশিপের অনুমোদন পান। ব্যবসা শুরু করতে গেলে স্থানীয় কিছু ব্যক্তি ১. মোঃ ইউসুফ মিয়াজী (৪০), ২. মোঃ হাসেম খাঁ (৩৫), ৩. মোঃ শরীফ (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন, তাকে এককভাবে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে যৌথভাবে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত হয়।
কিন্তু অভিযুক্তরা তিন মাস ধরে মহিউদ্দিন মোল্লার প্রাপ্য লভ্যাংশ ও কর্মচারীর বেতন পরিশোধ করেনি বলে অভিযোগ দেন তিনি। এই ঘটনায় আজ রবিবার(৯ নভেম্বর) বিকেলে মহিউদ্দিন মোল্লা ওএমএসের পণ্য বিবাদীদের গোডাউন থেকে নিজের দোকানে নিয়ে আসলে বিবাদীগণ দলবদ্ধ হয়ে দোকানে হামলা চালায়, পণ্য লুট করে নিয়ে যায় এবং তাকে মারধর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় তার সহযোগী দীপক মজুমদার (৩৫) বাধা দিতে গেলে কাঠের লাঠির আঘাতে গুরুতর জখম হন।
অপর সহযোগী নাছির উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। পরে আহত দীপককে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের ইএমও মোঃ মাহমুদুল হাসান বলেন, আহত দীপক মজুমদার ও নাছির উদ্দিন দুজনেরই শরীরে আঘাত লেগেছে। হাতে পিঠে এবং নাকে বেশি আঘাত লাগার কারণে রক্ত ক্ষরণ হয়েছে।
আমি এক্সরে করে নিয়ে আসতে বলেছি। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দোকানের শাটার ভেঙে ভেতরে ভাঙচুর চালায় এবং তালা ঝুলিয়ে দেয়। যাওয়ার সময় মহিউদ্দিন ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেয়। মহিউদ্দিন মোল্লা বলেন, ওএমএস ডিলারশিপ নিয়ে তারা শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন আমার দোকানের সব মাল নিয়ে গেছে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।



