
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী রেলস্টেশন সংলগ্ন প্রকাশ্যে প্রশাসনকে তোয়াক্কা না করে রেললাইনের নিচ দিয়ে অবৈধ ড্রেজারের পাইপ স্থাপন করে অবৈধ ভাবে বালু ভরাট করছে স্থানীয় প্রভাবশালী গ্রুপ ।
এর ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটার আশংকা করছে স্থানীয় জনগন ।
গতকাল ৮নভেম্বর (বুধবার) সরেজমিনে গিয়ে দেখা মৈশাদী রেলস্টেশন সংলগ্ন রেল লাইনের নিচ দিয়ে অবৈধ ড্রেজারের পাইপ দিয়ে বালুর ব্যবসা করছে একদল বালু ব্যবসায়ী। এতে ট্রেন চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় ট্রেন মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, চাঁদপুর-লাকসাম রেলপথ সুড়ঙ্গ করে ও রেল লাইনের ব্রিজ এর নিচ দিয়ে ড্রেজার পাইপ বসিয়ে গত কয়েক বছর বালু ব্যবসা পরিচালনা করে আসছে একাধিক ব্যবসায়ী। তারা এতটাই শক্তিশালী এবং ক্ষমতাধর রেলওয়ের পক্ষ থেকে মামলা হওয়ার পরও পাইপগুলো অপসারণ করছে না। বরং প্রকাশ্যে শহর ও গ্রাম এলাকার জলাশয় এবং ফসলি জমি ভরাট করছে। জমির শ্রেণী পরিবর্তন ছাড়া জমি ও জলাশয় ভরাট না করার বিধান থাকলেও ভূমি অফিস থেকে নেয়া হচ্ছে না কোন আইনী ব্যবস্থা। যেন বালু ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে চাঁদপুর সদর।
সরজমিনে গিয়ে চাঁদপুর-লাকসাম রেলপথ ঘুরে দেখা গেছে, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী রেলস্টেশন সংলগ্ন রেললাইনের নিচে অবৈধ ভাবে ড্রেজার পাইপ বসানো রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করলে তারা জানান, এলাকার লোকজনই ড্রেজার ও বালু ব্যবসার সঙ্গে জড়িত। তবে তাদের অনেকেরই রাজনৈতিক পরিচয় আছে। যে কারণে কেউ কোন ধরনের প্রতিবাদ করতে সাহস পায় না। মৈশাদী ইউনিয়নের ড্রেজার পাইপ দিয়ে গত কয়েক বছরে কমপক্ষে ২০টি জলাশয় ও ফসলি জমি ভরাট হয়েছে। রেল লাইনের নিচ দিয়ে অবৈধভাবে ড্রেজার পাইপ স্থাপন করতে দেখা যায়। এতে ট্রেন চলাচল খুবই ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
কারা অবৈধভাবে রেললাইনের নিচ দিয়ে এই বালুর ব্যবসা করছে এমন প্রশ্ন করা হলে কেউই এর সাথে জড়িত নাম বলতে অস্বীকৃতি জানান । তবে এলাকাবাসী রেললাইনের নিচে অবৈধ ভাবে ড্রেজার পাইপ অপসারণের দাবী করছেন ।



