বহরিয়ায় আড়ৎদার ও জেলেদের হামলা! : পুলিশ আহত

স্টাফ রিপোর্টার : মা ইলিশ রক্ষা অভিযানে বেপরোয়া হয়ে উঠেছে জেলেরা। পদ্মা মেঘনা নদীতে প্রতিদিন হাজার হাজার জেলে প্রকাশ্যে মাছ নিধন করছে। চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার মেঘনা নদীর পাড়ে রমরমা ইলিশ বাণিজ্য চলছে।

জানা গেছে,মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর মডেল থানা পুলিশ বহরিয়া মেঘনা নদীর পাড়ে অভিযান করার সময় তাদের উপর অতর্কিত হামলা করে আড়ৎদার ও জেলেরা। জেলেদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার ভোরে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসিন আলমের নির্দেশে দুজন এসআই ও পুলিশ লাইন থেকে আসা ১০ জন কনস্টেবলসহ বহরিয়া মেঘনা নদীর পাড়ে অভিযান চালানো হয়।

এ সময় বহরিয়া বাজারের চিহ্নিত মাছের আড়ৎদার সালমান মাঝি ও তার দুই ছেলে সহ স্থানীয় মেম্বারের ইন্দনে জেলেরা অতর্কিত ভাবে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।
এ সময়ে পুলিশ লাইন থেকে আসা বেশ কয়েকজন কনস্টেবল গুরুতর আহত হয়। পরে তারা চাঁদপুর সরকার হাসপাতালে চিকিৎসা নেয়।

পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।

পুলিশের সাথে জেলেদের হামলার ঘটনা জানতে পেরে চাঁদপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা পুলিশের একটি টিম নিয়ে সেখানে ছুটে যান।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বহরিয়া বাজারের আড়ৎদার ও জেলেদের আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, বহরিয়ায় মাছ বিক্রির খবর শুনে পুলিশের একটি টিম ভোর রাতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপর তারা ক্ষিপ্ত হয়ে হামলা করে। এই ঘটনায় পুলিশ কনস্টেবল আহত হয়েছে পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মা ইলিশ রক্ষা অভিযানে বহরিয়া বাজারে নদীর পাড়ে ইলিশ বিক্রির রমরমা বাণিজ্য চলে।

এছাড়া লক্ষ্মীপুর ইউনিয়নের সাখুয়া খালে লক্ষ্মীপুর আশ্রয়ন প্রকল্পের নদীর পাড়ে,হরিনা ফেরিঘাট সংলগ্ন বাগানে ,নন্দীগো ঘাট, আখনঘাটে প্রতিদিন ভোর হতে শুরু করে গভীর রাত পর্যন্ত ইলিশ বেচাকেনা চলে।
মূলত কিছু দালাল চক্র রয়েছে তারা জেলেদের কাছ থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে মোট অংকের টাকা নিয়ে নদীতে মাছ ধরার জন্য নির্দেশ দেয়। চাঁদপুরের নৌ পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এই সাথে জড়িত রয়েছে বলে জানায় জেলেরা।

সম্পর্কিত খবর