
বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৪৯ জেলেকে নৌ পুলিশ এবং ৭ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স।
নৌ পুলিশের আটকদের মধ্যে ২৭ জেলকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। বাকীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে ২৪ লাখ মিটার কারেন্টজাল, ৩৮২ কেজি ইলিশ, ২১ টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৫টি এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ৪টি। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, একই সময়ে চাঁদপুর সদর এলাকায় মেঘনা নদীতে উপজেলা টাস্কফোর্সের অভিযানে আটক ৭ জেলের মধ্যে ৩ জনকে একমাস করে কারাদন্ড এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।



