
গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করার লক্ষ্যে চাঁদপুরে সচেতনতামূলক সভা এবং ব্যাতিক্রমি নৌ- র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড প্রাঙ্গনে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলাম, চাঁদপুর নৌ- অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনএসআই চাঁদপুর এর উপ-পরিচালক মোঃ আরমান আহমেদ, জেলা মৎসজীবী লীগের সভাপতি মালেক দেওয়ান, সিনিয়র মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা রুমানা ইসলাম, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, স্থানীয় পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, মৎস্যজীবী নেতা শাহ আলম মল্লিক ও তছলিম বেপারীসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সরকার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। এসময়ে যেসব জেলে অবসরে থাকবেন, তাদের জন্য সরকার খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চালের ব্যবস্থা করেছে। আইন অমান্য করে কোনো জেলে নদীতে নেমে মা ইলিশ ধরতে গিয়ে আটক হলে তাকে আইনের আওতায় আনার পাশাপাশি জেলে কার্ড বাতিল করা হবে। এটি আমরা স্থানীয়ভাবে চিন্তা করছি।
তিনি বলেন, আপনারা (জেলেরা) যদি সরকারের সিদ্ধান্ত মেনে চলেন, তাহলে আমাদের কঠোর হতে হবে না এবং আইন প্রয়োগ করতে হবে না। আমাদের পরিকল্পনা হচ্ছে- এ বছর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশসহ সবাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব। কারণ গত বছর জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযানে বহু জেলে আটক হয়েছেন এবং জেল-জরিমানা হয়েছে। আপনারা যদি আইন না মানেন, তাহলে আমরা সর্বোচ্চ সাজা দিতে বাধ্য হবো।
আলোচনা সভা শেষে বর্নাঢ্য নৌ-র্যালী বের করা হয়। র্যালীতে জেলে, মৎস্যজীবী নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কোস্টগার্ড, ফায়ারসার্ভিস ডিফেন্স ও নৌ-পুলিশ সদস্যরা অংশ নেন।



