
চাঁদপুর খবর রির্পোট: বাবারা এমনই হয়। বাবা মানে বটবৃক্ষ, সন্তানকে গড়ে তোলার জন্য তিনি একাই একটি প্রতিষ্ঠান।
বাবা এমন একজন ব্যক্তি, যিনি যেকোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে থেকে সন্তানকে বড় করে তুলেন। নিজে শত প্রতিকূলতায় জর্জরিত হলেও সন্তানকে সুরক্ষিত রাখতে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। আবার বৃদ্ধ বয়সে পিতা-মাতার একমাত্র আশ্রয়স্থল সেই সন্তান।
পিতা-মাতা শৈশবে সন্তানকে যেভাবে স্নেহের চাদরে আগলে রেখেছেন জীবন সায়াহ্ণে এসে তারাও সন্তানের কাছে সেই ভালোবাসার আশ্রয়ে থাকার কথা। কখনো কখনো দেখা যায়, যে পিতা-মাতা তাকে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে, তাদের সাথেই সন্তান হয়ে উঠে রুক্ষ, তাদের উপর চালায় অমানবিক নির্যাতন।
গতকাল ৮অক্টোবর (রবিবার) চাঁদপুর জেলা পুলিশের ফেসবুক ফেইজে বাবারা এমনি হয় শিরোনামে পোস্টটি করা হয়।
চাঁদপুর পৌরসভার ১২-নং ওয়ার্ডে ঘটে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। চাঁদপুর সদর থানাধীন জনাব মনির হোসেন খান(৭৫) ০৩ কন্যা সন্তানের পিতা। তিনি তার স্ত্রী ও দুই কন্যা সহ নিজ বাসায় বসবাস করেন।
গত ৬ অক্টোবর সকাল ৯টায় চাঁদপুরে বৃদ্ধ পিতা মনির হোসেন খানকে তার ছোট মেয়ে ফাতেমা আক্তার শিল্পী(৪২) গোসল করানোর সময় বিরক্ত হয়ে মারধর করে।
বৃদ্ধপিতাকে মারধরের ভিডিওটি চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম দৃষ্টিগোচর হলে তিনি অমানবিক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলমকে নির্দেশনা প্রদান করেন ।
এর প্রেক্ষিতে গত ৭অক্টোবর (শনিবার) চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ফাতেমা আক্তার শিল্পীকে(৪২) জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অথচ যে পিতাকে নির্যাতনের জন্য পুলিশ তার কন্যাকে আটক করেন সেই পিতাই আবার থানায় এসে সন্তানের উপর কোন অভিযোগ না রেখে ক্ষমা করে দেন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন। পিতার অনুরোধে এবং তার চাওয়াকে সম্মান করে পুলিশ তার কন্যা ফাতেমা আক্তার শিল্পী’র অঙ্গিকার নেন যাতে আগামীতে তার পিতার উপর কোনো প্রকার নির্যাতন না করে।
পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ফাতেমা আক্তার শিল্পীকে তার বয়বৃদ্ধ পিতা মনির হোসেন খান(৭৫) ও মাতা রোকেয়া বেগমের জিম্মায় দেন।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এমন অমানবিক ঘটনা যেন আর না ঘটে। পিতা মাতা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। সামাজিক অবক্ষয় রোধে সকলকে সচেতন হওয়া এবং এমন বাবাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। চাঁদপুর জেলা পুলিশ সর্বদা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করতে অঙ্গিকারাবদ্ধ।



