
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮অক্টোবর (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
এসময় চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দূর্গাউৎসবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, শিশু কিশোরদের নৈতিক অবক্ষয় রোধে অভিভাবক সমাবেশ করা, সরকারি কোন পরিসেবা গ্রহনের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য সন্নিবেশনকালে প্রতিসাম্য বজার রাখা, পাসপোর্ট অফিস এবং অন্যান্য দফতরে দালালের দৌরাত্ম প্রতিরোধে লিফলেট বিতরণের মতো প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কারাগারে পরিদর্শক উপস্থিতিকালে জোরদার নজরদারি ব্যবস্থা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।



