প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার পেলেন চাঁদপুরের হাবিবুর রহমান

চাঁদপুর খবর রিপোর্ট : পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেয়েছেন চাঁদপুরের হাবিবুর রহমান দেওয়ান। ৭ নভেম্বর ২০২৬ গ্রামপুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।

হাবিবুর রহমান দেওয়ান চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (দফাদার) হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত থানার চৌকিদার প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন তিনি।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তথ্য সংগ্রহসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনসেবামূলক কাজে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রমে চাঁদপুর জেলা দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। চাঁদপুর সদর উপজেলায় এ কার্যক্রমে হাবিবুর রহমান দেওয়ান আন্তরিকভাবে দায়িত্ব পালন করে। এসব সাফল্য অর্জনে হাবিবুর রহমান দেওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রামপুলিশ সদস্য হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের স্থানীয় সরকার শাখা থেকে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে জারিকৃত এক স্মারকে তাঁর নাম ও প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

উপপরিচালক,স্থানীয় সরকার (উপসচিব) দেবাশীষ চৌধুরী স্বাক্ষরিত ওই পত্রে তাঁর সততা, কর্মদক্ষতা, বীরত্বপূর্ণ অবদান ও শৃঙ্খলার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। হাবিবুর রহমান দেওয়ান চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কল্যাণ্দী গ্রামের বাসিন্দা। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা অর্জন করায় স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

তাঁর এ অর্জন গ্রামপুলিশ সদস্যদের পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় নিয়োজিত অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

এদিকে চাঁদপুরের এই গৌরবোজ্জ্বল অর্জনে হাবিবুর রহমান দেওয়ানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর পৌর প্রশাসক (উপসচিব) দেবাশীষ চৌধুরী এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তাঁরা বলেন, পেশাগত দায়িত্বে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে জাতীয় পর্যায়েও স্বীকৃতি অর্জন সম্ভব।

হাবিবুর রহমান দেওয়ানের এ সম্মাননা চাঁদপুর জেলার জন্য গৌরবের বিষয়। তাঁর এ অর্জন জেলার অন্যান্য গ্রামপুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। তাঁরা হাবিবুর রহমান দেওয়ানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সম্পর্কিত খবর