
স্টাফ রিপোর্টার : নাশকতা ঘটনায় নিষিদ্ধ সংগঠন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান ও যুবলীগ নেতা আরিফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পুলিশ সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তাঁর নিজ বাসা থেকে আটক করা হয়। আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা এবং কামরুল হাসান কাউসারকে গুনরাজদী এলাকা থেকে আটক করা হয়।
বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন খানকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল হোসেন ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা। তাঁকে থানায় নেওয়ার সময় স্থানীয় কয়েকজন নেতাকর্মী পুলিশের কাজে বাধা সৃষ্টি করেন বলে জানা গেছে। এদিকে, শুক্রবার দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় চাঁদপুর শহরে জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পৃথক প্রতিবাদ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ২০২৫ সালের ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



