৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় চাঁদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে নেতারা জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। উল্লেখ্য, শুক্রবার বেলা আড়াইটার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে দুর্বৃত্তরা ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সম্পর্কিত খবর