চাঁদপুর প্রেস ক্লাবে কাল থেকে দুদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

চাঁদপুর খবর রিপোর্ট: আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, পেশাগত নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে কাল থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামীকাল ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কর্মশালার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’।

প্রশিক্ষণের প্রথম দিন শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টায় কার্যক্রম শুরু হবে। উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রথম দিনের অংশগ্রহণকারীদের জন্য এলিট চাইনিজ রেস্টুরেন্টে দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। দ্বিতীয় দিনের প্রশিক্ষণার্থীদের জন্য এলিট চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভিজ্ঞ দেশি-বিদেশি বিশেষজ্ঞদের একটি দল প্রশিক্ষণ পরিচালনা করবেন। প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন বিদেশি বিশেষজ্ঞ অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি), ক্রাউডসোর্সিং, সোশ্যাল মিডিয়া ও এআই যুগে সাংবাদিকতার মূলনীতি এবং সংবাদ গ্রাফিক্স তৈরির প্রাথমিক ধারণাসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

চাঁদপুর জেলার সাতটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক আমন্ত্রিত ও মনোনীত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে এ ধরনের বৃহৎ পরিসরের প্রশিক্ষণ কর্মশালা বিশেষ গুরুত্ব বহন করছে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবর্তনশীল গণমাধ্যম জগতে এআইয়ের ইতিবাচক ব্যবহার, তথ্য যাচাই এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকরা আরও দক্ষ হয়ে উঠবেন।

এদিকে, প্রশিক্ষণে মনোনীত সকল সাংবাদিককে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

সম্পর্কিত খবর