
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য দ্বিতীয়বারের মতো দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তন (তৃতীয় তলা) এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর প্রেস ক্লাবকে এত সুন্দর একটি স্বাস্থ্যসেবা আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। এ উদ্যোগের মাধ্যমে জেলার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করি। এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিক সমস্যায় ভুগছেন। এ সংখ্যা আরও দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা গেলে রোগীদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ হবে।
তিনি আরও বলেন, চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত পরীক্ষা করানো জরুরি। খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপনের কারণে মানুষ ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে শয্যাসংখ্যা ২৫০ হলেও প্রতিদিন পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। স্বাস্থ্যসেবা ক্যাম্প চাঁদপুর প্রেস ক্লাবে ইতিহাস হয়ে থাকবে। জাতীয় দিবসগুলোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনেরও চেষ্টা করা হবে। স্বাস্ত্যমন্ত্রী মহোদয় চাঁদপুরে স্বাস্থবিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে। সাধারণত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমাজের অসংগতি তুলে ধরা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার কণ্ঠস্বর হিসেবে দেখা হয়। তবে আজ চাঁদপুর প্রেস ক্লাব প্রমাণ করেছে, কলম ধরার পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় এগিয়ে আসার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক বলেন, এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালকে ধন্যবাদ জানাই।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনের জন্য প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। যারা শারীরিকভাবে অসুস্থ, তারাই অসুস্থতার কষ্ট সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। সুস্থতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের নিয়ম মেনে চলতে হবে, ধূমপান ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার পরিহার করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, পুলিশ বিভাগে আমাদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। একইভাবে সাংবাদিকদেরও দিন-রাত পরিশ্রম করতে হয়। তাই তাঁদের শারীরিক সুস্থতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়া প্রয়োজন।
২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের জন্য হাসপাতালের পক্ষ থেকে এমন একটি স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। সাংবাদিকদের সুস্থতা নিশ্চিত করার এ মহতী উদ্যোগে অংশ নিতে পেরে ভালো লাগছে। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।
তিনি আরো বলেন, আজ চাঁদপুর২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেও প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সীমিত সামর্থ্যের মধ্যেও সবাইকে সেবা দেওয়ার চেষ্টা চলছে।
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আজকের এ আয়োজনে তিনটি প্রতিষ্ঠানের চিকিৎসক ও মেডিকেল টিম অংশ নিয়েছেন। চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন। এ প্রেস ক্লাবটি ১৯৭০সালে প্রতিষ্ঠিত হয়েছে। জেলার সাংবাদিকরা প্রেস ক্লাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে প্রেস ক্লাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এর আগেও একবার মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো এ স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হবেন বলে আশা করছি।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর ডায়বেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জিলানী মুন্সী, চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো: আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারন সম্পাদক মির্জা জাকির, লক্ষন চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভান, কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক মো: শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাকল্যাণ আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য মো: ইলিয়াছ পাটওয়ারী, সাংবাদিক হাসান মাহমুদসহ চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, চিকিৎসক, মেডিকেল টিমের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ। পরে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অতিথিবৃন্দগণকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ নেতৃবৃন্দ।
এসময় ২৫০শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক টিমকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মেডিকেল ক্যাম্পে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল এবং চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিম দিনব্যাপী সেবা প্রদান করেন।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের ডা. সৈয়দ আহমদ কাজল, সার্জারি বিভাগের ডা. নূরে আলম মজুমদার, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, মেডিসিন বিভাগের ডা. মো. বরকত উল্লাহ এবং গাইনি বিভাগের ডা. নাজমুন নাহার। এ ছাড়া প্যাথলজিস্ট মো. সিরাজ, দুজন নার্স ও তিনজন সহকারী দায়িত্ব পালন করেন। এ টিমের মাধ্যমে সাধারণ স্বাস্থ্যসেবা, রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ, বিনামূল্যে ঔষধ প্রদান প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসাসেবা দেন মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জিলানী মুন্সী, জনসংযোগ কর্মকর্তা নাসিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রাসিদা আক্তার, প্রধান সহকারী জসিম উদ্দিন এবং এমএলএসএস শরীফ খান দায়িত্ব পালন করেন। এ টিম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করে।
অন্যদিকে, চাঁদপুর বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসাসেবা দেন মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান, প্রোগ্রাম অফিসার মো: আল আমিন, রিফ্রাকশনিস্ট সঞ্জীব চন্দ্র শীল, চিকিৎসা সহকারি মো: ইমন সরকার দায়িত্ব পালন করেন। এ টিম বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূলে ঔষধ ও চশমা বিতরণ সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য, মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিক এবং জেলার বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকসহ মোট ২৫০জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে উপকমিটি দায়িত্ব পালন করেন আহ্বায়ক এম আর ইসলাম বাবু, সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম, সেলিম রেজা, মো: শরীফুল ইসলাম, আহম্মদ উল্ল্যাহ, হাসান মাহমুদ, আশ্রারাফুল আলম।
উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাব ইতিহাসে এই প্রথম স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে। বর্তমান কার্যকরী পরিষদ এর ৪মাস পূর্বে একটি মেডিকেল ক্যাম্প করা হয়।
ক্যাপসান: গতকাল চাঁদপুর প্রেস ক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।



