চাঁদপুরে বিবেকানন্দ যুব সংঘের ৩৮ বছরপূর্তি ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : বিবেকানন্দ যুব সংঘ, চাঁদপুরের গৌরবময় ৩৮ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নৃত্যানুষ্ঠান ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ রোটারী ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিবেকানন্দ যুব সংঘ একটি সচল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত সংগঠন।

এ ধরনের সংগঠনকে ধরে রাখা এবং তাদের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন। সংগঠনটি গৌরবের সঙ্গে ৩৮ বছর অতিক্রম করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় অর্জন। দীর্ঘ সময় ধরে একটি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা সহজ বিষয় নয়। এর পেছনে রয়েছে সংগঠনের সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমাজের প্রতি দায়বদ্ধতা।

তিনি আরও বলেন, আমরা যত বেশি সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও সুস্থ রাজনীতির চর্চা করব এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলব, তত বেশি একটি সুস্থ সমাজ, সুন্দর সম্পর্ক ও মানবিক রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে পারব। বিবেকানন্দ যুব সংঘ এ ধরনের ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে বলে তিনি মনে করেন। জেলা প্রশাসক বলেন, যেকোনো সংগঠনের উদ্দেশ্য ভালো হলে সেই সংগঠন কোনো না কোনোভাবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চাঁদপুরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি সমৃদ্ধ পরিবেশ রয়েছে। বিভিন্ন সংগঠন নিজ নিজ অবস্থান থেকে সংস্কৃতি চর্চা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

বিবেকানন্দ যুব সংঘও তাদের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমি চাঁদপুরের সাবেক মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুরের সহকারী প্রকৌশলী অর্ণব দাস এবং বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।

বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রামের সভাপতিত্বে এবং সহসভাপতি রঞ্জিত করের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যুব সংঘের সাবেক সভাপতি তপন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সহসভাপতি দুলাল গোস্বামী, সহসভাপতি অধ্যাপক দীপক চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সহসভাপতি মানিক পোদ্দার, সহসম্পাদক উত্তম দাস, জয়ন্ত সাহা, সাবেক সাধারণ সম্পাদক নির্মল পাল, শিপ্রা মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ ভৌমিক, সহসাধারণ সম্পাদক সুকুমার সরকার, সাংস্কৃতিক সম্পাদক সোমা দত্ত এবং সংগঠনের সদস্য নির্মল রায়, সুজন সরদার, প্রদীপ পোদ্দার ও লক্ষ্মণ রায়সহ অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কয়েকজন কৃতী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’—এই মানবিক আদর্শকে ধারণ করে বিবেকানন্দ যুব সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—‘স্বেচ্ছায় রক্ত দিন, একজন মুমূর্ষু রোগীকে বাঁচান’।

সম্পর্কিত খবর