
মো:শওকত করিম : চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে চাঁদপুরে ১৮৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময়ে ১৬১টি মামলা দায়ের এবং ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ২ দশমিক ৭৫৩ মেট্রিক টন ইলিশ এবং প্রায় ১২ লাখ ২৯ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ১২৭টি অভিযান পরিচালিত হয়েছে। এ উপজেলায় ৪৭টি মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ১ দশমিক ৮৯৬ মেট্রিক টন ইলিশ এবং ২ লাখ ২৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এ সময়ে ১০৭টি মামলা দায়ের, ২ লাখ ৮৩ হাজার ২০০ টাকা জরিমানা এবং ৮৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
মতলব উত্তর উপজেলায় ৪৭টি অভিযান পরিচালনা করে ২৫টি মামলা দায়ের করা হয়। এ উপজেলায় ২ লাখ ৯৮ হাজার মিটার অবৈধ জাল ও ২২৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ রয়েছে। এ ছাড়া ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
হাইমচর উপজেলায় ৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬২৯ কেজি ইলিশ ও ৬ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পাশাপাশি ২৯টি মামলা দায়ের, ১ লাখ টাকা জরিমানা এবং ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, মতলব দক্ষিণ উপজেলায় ২১টি অভিযান পরিচালিত হয়। এ উপজেলায় ৫৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে এ সময়ে কোনো মামলা দায়ের বা কারাদণ্ডের তথ্য উল্লেখ নেই।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চার উপজেলায় অভিযানের মাধ্যমে জব্দ করা অবৈধ জালের আনুমানিক মূল্য ২ কোটি ৭১ লাখ ৮ হাজার টাকা। অভিযানে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধে তৎপরতা চালানো হয়।
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব।



