
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে দুটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বিএসটিআইয়ের মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অসংগতি পাওয়ায় এ জরিমানা করা হয়।
অভিযানকালে চিত্রলেখা মোড়ে অবস্থিত হংকং ব্রেড অ্যান্ড বিস্কিট বেকারিতে বিএসটিআইয়ের মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চিহ্নিত অসংগতিগুলো সংশোধন না করা পর্যন্ত বেকারিটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে বেকারিটি বেকারি মালিক সমিতির জিম্মায় রাখা হয়।
অন্যদিকে, একই এলাকার লাইভ বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



