হাজিগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ১৩ বস্তা বিপজ্জনক দাহ্যবস্তু ও নিষিদ্ধ জাল জব্দ

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে দুটি গোডাউন থেকে ১৩ বস্তা ও ২ কার্টুন বিপজ্জনক দাহ্যবস্তু এবং একটি খুচরা দোকান ও একটি গোডাউন থেকে আনুমানিক ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ বস্তা রিং জাল জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জাহেদ হোসেন। অভিযানে সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করে চাঁদপুর জেলা গোয়েন্দা বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড ও স্বর্ণকারপট্টি এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে বিপজ্জনক দাহ্যবস্তু হিসেবে বাজি, রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতিসহ ১৩ বস্তা ও ২ কার্টুন মালামাল জব্দ করা হয়।

জব্দ করা দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়। এ সময় গোডাউন দুটির চাবি হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, হাজীগঞ্জ বাজারের কাপড়িয়াপট্টিসহ কয়েকটি গোডাউনে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল মজুত থাকার সন্দেহে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি খুচরা দোকান ও একটি গোডাউন থেকে আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ বস্তা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জব্দ করা দাহ্যবস্তুর বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বিস্ফোরক পরিদপ্তর, চট্টগ্রামের একটি দল শিগগিরই হাজীগঞ্জ পরিদর্শনে আসবে। পরিদর্শনের পর এ ঘটনায় মামলা দায়েরের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় বাজারে বিপজ্জনক দাহ্যবস্তু ও নিষিদ্ধ জালের মজুত শনাক্ত করে এ বিপুল পরিমাণ মালামাল জব্দ করাকে একটি গুরুত্বপূর্ণ সফল অভিযান হিসেবে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর