৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট: ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এস এম আব্দুল্লাহ ফারাবী উইনার এবং কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া মিসেস হাইজং উম লেডিস উইনার এবং আকিব আরাফাত খান ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার হন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি উপস্থিত ছিলেন। এ ছাড়া টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আর কবির, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গলফার ও তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির কাছ থেকে ম্যান রেগুলার ব্যাক নাইন উইনারের পুরস্কার গ্রহণ করছেন আকিব আরাফাত খান।

সম্পর্কিত খবর