ফরিদগঞ্জ গুপ্টি ইউনিয়নে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে শিক্ষার মানোন্নয়ন এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়টিকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে লাউতলী শাহ আলম মডেল নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদিউজ্জামানের সভাপতিত্বে এবং গিয়াসউদ্দিন ও মফিজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাইরুল ইসলাম রিপন, কামরুল মোল্লা, আব্বাস গাজী, তাজু গাজী, আসাদুজ্জামান কালু, মোস্তফা চৌধুরী ও শেখ মো. বেলায়াত হোসেন। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা মন্নান সাহেব, রহিম জমদার, নুরু পাটোয়ারী, ফারুক আমিন, খোরশেদ আলম, মাসুদ মেম্বার, সুমন জমদার, টিপু পাটোয়ারী, গিয়াস উদ্দিন চৌধুরী, সোহাগ চৌধুরী, কামাল হাজী, জুয়েল হাজী, আফজাল হাজী ও রাসেল জমদার।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আধুনিক পদ্ধতি অনুসরণ, ঝরে পড়া রোধ এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শুধু শিক্ষকদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে অভিভাবক, পরিচালনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। লাউতলী শাহ আলম মডেল নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করার যে উদ্যোগ এলাকাবাসী গ্রহণ করেছেন, তা শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত পাঠদান, যোগ্য শিক্ষক এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ওপর গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে এগিয়ে এলে এ অঞ্চলের শিক্ষার্থীরা আরও ভালো শিক্ষার সুযোগ পাবে বলে আমি আশাবাদী।”

সম্পর্কিত খবর