
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধের গরম পানি ফেলে নদী দূষণ এবং ভরাট করার অভিযোগে দুটি অটোরাইস মিলকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(খ) ধারা লঙ্ঘনের দায়ে এই অভিযানে মেসার্স মনজিল অটো রাইস মিলকে ৫০ হাজার এবং মেসার্স নিউ মেঘনা অটোরাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় নদীর পানিতে ফেলা ধানের তুষ ও ছাই দ্রুত অপসারণ করে ডাকাতিয়াকে দূষণমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। সএ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা এবং নদী দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



