
স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি চাঁদপুর শহরের একাধিক পূজামণ্ডপ ঘুরে নিরাপত্তার সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মণ্ডপগুলোতে মোতায়েন করা পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পূজামণ্ডপে আগত ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখা, নজরদারি জোরদার করা এবং পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মধ্যে নিবিড় সমন্বয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এই কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
ভক্ত ও দর্শনার্থীরা যাতে নিরাপদে ও নির্ভয়ে উৎসবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্নে পুলিশ প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় সবার পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।” চাঁদপুর জেলা পুলিশ জানায়, জেলাজুড়ে শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ ও আনন্দময় রাখতে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।




