সাংবাদিক মোস্তফা কামাল সুজনের ইন্তেকাল : চাঁদপুর প্রেস ক্লাবের শোক

চাঁদপুর খবর রিপোর্ট : দৈনিক চাঁদপুর কণ্ঠের কম্পিউটার অপারেটর সাংবাদিক মোস্তফা কামাল সুজন (৪৪) আর নেই।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ভোরে চাঁদপুর শহরের তালতলা বকাউল বাড়ি রোডের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুম মোস্তফা কামাল সুজনের প্রথম জানাজা সোমবার বাদ আসর তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা মৈশাদী ইউনিয়নের হামানকদ্দি বড়বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।

সুজনের আকস্মিক মৃত্যুর সংবাদে তাঁর সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ শেষবারের মতো দেখতে চাঁদপুর শহরের বকাউল বাড়ির বাসায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন।

দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার আগে প্রিয় সহকর্মী সুজনের সঙ্গে হাসিখুশি অবস্থায় বিদায় নিয়ে তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালে যান। ওই সময় সুজনকে কোনো ধরনের অসুস্থতায় ভুগতে দেখেননি তিনি। কিন্তু সোমবার সকালে সহকর্মী উজ্জ্বল হোসাইনের ফোনে সুজনের মৃত্যুসংবাদ পেয়ে তিনি স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েন।

তিনি বলেন, যে সহকর্মীর সঙ্গে রাতেই হাসিমুখে বিদায় বিনিময় করেছেন, তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদ মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। সুজনের এভাবে চলে যাওয়া তাঁর কাছে অবিশ্বাস্য মনে হলেও এটাই নির্মম বাস্তবতা।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

মরহুম মোস্তফা কামাল সুজন চাঁদপুর শহরের তালতলা বকাউল বাড়ি রোডের বাসিন্দা ছিলেন। তিনি আলী নেওয়াজ খানের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের পরকালীন শান্তি ও মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত খবর