চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণের উদ্যোগ

আহম্মদ উল্যাহ : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির প্রচেষ্টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে হাসপাতাল সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের ভূমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২৬২, চাঁদপুর-৩-এর নির্বাচনী এলাকার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুরকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে হাসপাতাল সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের ভূমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুরকে ৫০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে হাসপাতাল সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের ভূমিতে নতুন ১৫ তলা ভবন নির্মাণের জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। চাঁদপুরের বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার দাবি রয়েছে। নতুন ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পরিধিও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, চিঠিতে সংসদীয় আসন-২৬২, চাঁদপুর-৩-এর সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির পত্রের সূত্র উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সম্পর্কিত খবর