
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মতিন মোল্লার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য জননেতা শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম কার্যকর উপায়। তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে হলে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”

তিনি আরও বলেন, মরহুম আব্দুল মতিন মোল্লা এলাকার একজন জনপ্রিয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট নতুন প্রজন্মের মাঝে ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।




