চাঁদপুর পুরাতন আদালতপাড়ায় শত বছরের জরাজীর্ণ ভবন ঝুঁকিতে : আতঙ্কে বাসিন্দারা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরাতন আদালতপাড়ায় নতুন ভবন নির্মাণকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। পাশেই দাঁড়িয়ে আছে পাকিস্তান আমলের শত বছরের পুরনো একটি জরাজীর্ণ ভবন।

যে কোনো সময় সেটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এসএম লুৎফা মঞ্জিলের জায়গায় এসএম ডেভেলপার লিমিটেড প্রায় তিন মাস আগে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করে। ছয় শতাংশ জমির ওপর চলছে এই কাজ। কিন্তু পাশের মনির হোসেন গংদের পুরনো ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের ভেতরে কাঠ ও বাঁশ দিয়ে ঠেক দিয়ে এখনো বসবাস করছেন ভাড়াটিয়ারা।

এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে তাদের। স্থানীয়দের আশঙ্কা, ভবনটি যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। নতুন ভবনের মালিকপক্ষ জানায়, পাশের জরাজীর্ণ ভবনের কারণে তাদের নির্মাণকাজও ঝুঁকির মুখে পড়েছে।

তারা বহুবার ভবনের মালিকপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে চাঁদপুর পৌরসভায় অভিযোগও করা হয়েছে। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, পুরনো ভবনের মালিকপক্ষ জানায়, জমিটির একাধিক মালিক থাকায় ভবনটি সংস্কার বা অপসারণ করা সম্ভব হয়নি। তাদের মতে, ভবনটি পাকিস্তান আমলের হওয়ায় এটি অনেক পুরনো এবং পাশে নতুন নির্মাণকাজ চলায় ধসের ঝুঁকি আরও বেড়েছে।

এখন এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।

সম্পর্কিত খবর