দুই যুগে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহসিন হোসাইন।। সময়ের সাথে আগামীর পথে—এই স্লোগান সামনে রেখে দুই যুগে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি সব সময় দেখেছি এনটিভি আমাদের পাশে আছে। ভবিষ্যতেও এনটিভি এভাবেই মানুষের পাশে থাকবে বলে আমি আশাবাদী। জনগণের প্রত্যাশা পূরণে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এনটিভি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।

তিনি জেলার মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকরা যদি মাঠপর্যায়ে আরও কার্যকর ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন করেন, তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সেই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে।

তিনি এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় তিনি জেলার মাদক নির্মূলে সাংবাদিক ও পুলিশ প্রশাসনের আর‌ও জোরালো ভুমিকা তুলে ধরেন এবং মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সময় টিভির সিনিয়র প্রতিবেদক ফারুক আহম্মেদ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম এবং সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, গ্রীন বাংলা নিউজের সম্পাদক আশিক খান, নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক কেক কেটে এনটিভির দুই যুগে পদার্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে অতিথিরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ক্যাপশন: দুই যুগে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি- দৈনিক চাঁদপুর খবর

সম্পর্কিত খবর