
চাঁদপুর খবর রিপোর্ট : জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের বিপণীবাগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি আবুল কালাম ভূঁইয়া, হাফেজ আহমেদ, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ও সফিকুর রহমান মিয়াজী। এ সময় কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। জসিম উদ্দিন শেখের জাতীয় পর্যায়ের এ অর্জনে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. জসিম উদ্দিন শেখ বলেন, ‘চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াসের সূচনা হয়। প্রতিষ্ঠার পর থেকে সমবায় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এ প্রতিষ্ঠান। জাতীয় পুরস্কার অর্জনের যোগ্যতা অর্জিত হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এ অর্জনের পেছনে সবার উৎসাহ ও ভালোবাসা রয়েছে। ফরিদগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে সম্মানিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতিটি ভালো কাজে সহযোগিতা করার চেষ্টা আমার ছিল, আগামীতেও থাকবে।’



