
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ ২০২৫-২০২৬ অর্থবছরের বকেয়া ও চলতি বছরের পৌরকর পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তাগিদ পত্র প্রেরণ করেছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে জানানো হয়, চাঁদপুর ১৫০ মেগাওয়াট সিসিটিপিপি (বিউবো)-এর কাছে পৌরসভার মোট ৮১ লাখ ৪৫ হাজার ৫৯৩ টাকা কর বকেয়া রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত বকেয়া করের পরিমাণ ৩২ লাখ ৪২ হাজার ৬৮২ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরের চলতি কর ৪৯ লাখ ২ হাজার ৯১১ টাকা।
পত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দ্রুত পৌরকর পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মূল বাজেটে পর্যাপ্ত বরাদ্দ না থাকলে আংশিক অর্থ পরিশোধ করে বাকি অর্থ সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে পত্র দেওয়ার আহ্বান জানানো হয়। চাঁদপুর পৌরসভা জানিয়েছে, পৌর এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে কর পরিশোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে প্রেরিত চাহিদাপত্রের অনুলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।



