চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক ও ফ্যামেলি ডে সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান, ফ্যামেলি ডে ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ) চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আয়োজিত অনুষ্ঠানে আগত সাংবাদিকদের স্ত্রী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

পরে বিকেল ৪টায় দ্বিতীয় পর্বে অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, এমন সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় আসাতে আরো সুন্দর হয়েছে। আমি আপনাদের কাছে এটি আশা করতে পারি, আপনারা যেভাবে সঠিক তথ্য দপ্তরের কাছে তুলে ধরেছেন, সেটা হলো তেল। আমাদের পর্যাপ্ত পরিমান তেল থাকা সত্ত্বেও একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। আপনাদের এই টেলিভিশন সাংবাদিকদের মাধ্যমে এই তেলের ক্রাইসিসটা যেন কেউ না করতে পারে তা টেলিভিশন সাংবাদিকদের মাধ্যমে আপনারা জনগণের কাছে তুলে ধরবেন এবং আমি আপনাদের সাথে ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আর চাঁদপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। চাঁদপুরের বিভিন্ন সম্ভাবনা, উন্নয়ন, সমস্যা ও জনভোগান্তি তুলে ধরতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকরা নিরলস কাজ করে যাচ্ছে। এ জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।

সংগঠনের সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। কারণ এর আগে আমি দেশের কয়েকটি জায়গায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি। সেসব জায়গা আমি দেখেছি একেকটি উপজেলায় তিনটি চারটি করে প্রেসক্লাব। কিন্তু এখানে এসে দেখতে পেলাম ঠিক তার উল্টো। এখানে একটি প্রেসক্লাব ও একটি টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং সকলেই ঐক্যবদ্ধ। তিনি বলেন, এখানে আসার পর চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের গঠনতন্ত্র সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। এত সুন্দর গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় যেনে আমি খুবই অভিভুত।

তিনি বলেন, সাংবাদিকদের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা। তাই আমি এতটুকু বলতে চাই, সাংবাদিকদের যেকোন প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি। আমি সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে চাঁদপুরের উন্নয়নে কাজ করে যাবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনিরা আহমেদ, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, প্রভাতী কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মুনওয়ার কানন (মাইটিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আর টিভি), রহিম বাদশা (বাংলা ভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), ফারুক আহমেদ (সময় টিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি)।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মোহনা টিভির চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, ইনডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, আনন্দ টিভির এইচ এম নিজাম, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেল, এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী, গ্লোবাল টিভির চাঁদপুর প্রতিনিধি সুজন আহমেদ, লক্ষণ চন্দ্র সূত্রধর ও নাছির পাঠান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, দেশ টিভির চাঁদপুর প্রতিনিধি শরীফ আহমেদ, একাত্তর টিভির চাঁদপুর প্রতিনিধি আল আমিন ভূইঁয়া, নাগরিক টিভির চাঁদপুর প্রতিনিধি রানা রহমান, ইসলামিক টিভির চাঁদপুর প্রতিনিধি এমরান হোসেন রাজন, চ্যানেল-৯ টিভির চাঁদপুর প্রতিনিধি রিয়াজ শাওন, গ্রীন টিভির চাঁদপুর প্রতিনিধি মোঃ হোসেন বেপারী।

পরে সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা এড. নুরুল আমিন খান আকাশ ও সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় দুইজনকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনিরা আহমেদ ও একমাত্র কণ্যা ফারিসা আক্তারসহ অতিথি বৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব।

সবশেষে সংগঠনের সভাপতি কাদের পলাশের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন এইচ এম নিজাম ও গীতা পাঠ করেন খোকন চন্দ্র কর্মকার।

সম্পর্কিত খবর