
কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইউনুস (৩০) ওরফে সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সাচার এলাকা থেকে ইউনুসকে গ্রেফতার করা হয়। ইউনুস ওই ইউনিয়নের রাজারামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ছেলে।
থানা সূত্রে জানা যায়, ইউনুস ওরফে সোহেলের বিরুদ্ধে কচুয়াসহ দেশের বিভিন্ন জেলায় চারটি ডাকাতির মামলা রয়েছে। কচুয়া থানার মামলা নং-২২/১১৮, তারিখ ১৯ মে ২০২৫, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইউনুসকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার কঠোর পুলিশ পাহারায় ইউনুসকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কচুয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




