চাঁদপুরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কুতুবদিয়া

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের ঢাকা জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ নামে একটি জাহাজ সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত রাখা উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।

গতকাল ২৬মার্চ (বৃহস্পতিবার) দুপুর ২টায় চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে বিসিজিএস কুতুবদিয়া জাহাজে প্রেস ব্রিফিং করেন লে: কমান্ডার রিফাদ মাহমুদ (এক্স) বিএন।

প্রেস ব্রিফিং তিনি বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শুরু হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। এ উপলক্ষ্যে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়।

এরই প্রেক্ষিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া (বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট, চাঁদপুর) ২৬ মার্চ দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। জাহাজ দুটি পরিদর্শনে বিভিন্ন শ্রেণি পেশার উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এর ফলে সর্বস্তরের জনগণ বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজসমূহ সরেজমিনে পরিদর্শন, জাহাজের কার্যক্ষমতা এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পান। এ সময় উপস্থিত দর্শনার্থীদের নানা কৌতূহলী প্রশ্নের উত্তর প্রদান করেন দ্বায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকগণ।

তিনি জানান, জাহাজ দেশের উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এই উদ্যোগের মাধ্যমে জনসাধারণ বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করেন এবং সন্তুষ্টচিত্তে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। দেশ ও জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, লে: ইয়াসির আরাফাত (এক্স) বিএন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

চাঁদপুর শহরের বড়স্টেশন ডাকাতিয়া পাড়ে বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে জাহাজ বিসিজিএস কুতুবদিয়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এসময় প্রচুর দর্শনার্থী৷ জাহাজটি পরিদর্শন করেন।

ক্যাপসান: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত রাখা উপলক্ষে প্রেস ব্রিফিং করেন লে: কমান্ডার রিফাদ মাহমুদ (এক্স) বিএন। পাশে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর