
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে জিকু সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবার কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন।
জানাজার ইমামতি করেন বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মুফতি ফারুক আহমেদ। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজার নামাজ অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন হাওলাদার, চাঁদপুর শহর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ অসংখ্য নেতাকর্মিগণ।
উল্লেখ্য, গত ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জি এম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জিএম ফজলুল হকের নিজ বাড়ি চাঁদপুর শহরতলীর বাবুরহাট সংলগ্ন আশিকাটি ইউনিয়নে। পৈত্রিক বাড়ি সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে।
তিনি জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ছিলেন।



