হাজীগঞ্জে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন। তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে হাজীগঞ্জ পৌরসভার ফায়ার সার্ভিসের পেছনে বাবুল সাহার বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে মো. ফারুক হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আনোয়ার হোসেন দুলু। পুলিশের দাবি, অভিযানের সময় তাঁর কাছ থেকে আনুমানিক তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের পরিমাণ যাচাই শেষে কমবেশি হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন হাজীগঞ্জ থানা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারের পর তাঁকে জব্দকৃত ইয়াবাসহ হাজীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত খবর