
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরচর গ্রামে নিজের পুকুরে মাছ ধরতে নেমে বিষাক্ত সাপের ছোবলে শেষ পর্যন্ত প্রাণ হারায় যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ ২০২৬) সকাল প্রায় ৭টার দিকে সবুজ নামের এক যুবক নিজের বাড়ির পুকুরে মাছ ধরতে যান।
এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাঁর হাতে ছোবল দেয়। সাপের কামড়ে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কচুয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
নিহত যুবকের নাম সবুজ (২৮)। তিনি পূর্ব কালুরচর গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবা মৃত সোবাহান।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত।



