
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর বিএনপির সাধারণ সম্পাদক দুদিনের কান্ডারী ত্যাগী নেতা অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। বর্তমানে তিনি চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত এবং পরিচিত একটি নাম।
অত্যন্ত দৃঢ়চেতার এই রাজনীতিক নেতৃত্বের দিক থেকেও যেমনি সফল, পারিবারিক জীবনেও সফল। রাজনীতির সাথে সমানতালে তাঁর সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং দেশাত্মবোধ কর্মকাণ্ড তাঁকে সর্বমহলে পরিচিতি করে তুলেছে। তাঁর পেশাগত কর্মস্থল চাঁদপুরের আইন অঙ্গনেও তিনি বেশ পরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব।
চাঁদপুর জেলা বারের একজন সিনিয়র আইনজীবী তিনি। তাঁর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ হলেও চাঁদপুর শহরেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ২০২২ সাল থেকে।
সত্তর-এর দশকে বাম রাজনীতি দিয়ে তাঁর ছাত্র রাজনীতি শুরু। বাম রাজনীতি তিনি খুব বেশি সময় করেন নি। এরপর তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিতে সম্পৃক্ত হন, এখনও পর্যন্ত এই ধারার রাজনীতিতেই আছেন।
অ্যাড. সলিম উল্লাহ সেলিমের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৮ সালে তিনি তাঁর রাজনীতির বাঁক পরিবর্তন করেন। ৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ‘জাগো ছাত্রদলের’ চাঁদপুর মহকুমা শাখার ১নং যুগ্ম আহ্বায়ক পদ দিয়ে শুরু তাঁর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি। এরপর ধারাবাহিকভাবে জাতীয়তাবাদের আদর্শের সংগঠন ছাত্রদল, যুবদলের জেলার দায়িত্ব,
বিএনপি চাঁদপুর পৌর শাখার এবং সর্বশেষ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ২০২২ সাল থেকে। ২০২২ সালে সম্মেলনের মাধ্যমে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি ধারাবাহিকভাবে ১৯৭৯ সালে চাঁদপুর মহকুমা ছাত্রদলের আহ্বায়ক, ১৯৮৩ সালে চাঁদপুর মহকুমা যুবদলের আহ্বায়ক, ১৯৮৫ সালে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি, একইসাথে জেলা বিএনপির সদস্য সচিব, ১৯৯২ সালে চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ২০০২ সালে পুনরায় চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ২০০৯ সালে চাঁদপুর জেলা বিএনপির ৪নং যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে চাঁদপুর পৌর বিএনপির নির্বাচিত সভাপতি, ২০১৩ সালে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ২০১৪ সালে জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এবং ২০২২ সালে প্রত্যক্ষ নির্বাচনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিএনপি সরকারে থাকা অবস্থায় এবং বিরোধী দলে থাকা অবস্থায়ও অ্যাড. সলিম উল্লাহ সেলিম দলের শীর্ষ নেতৃত্বে ছিলেন।
তাঁর দলের নেতা-কর্মীদের তাঁর ব্যাপারে মূল্যায়ন হচ্ছে- বিরোধী দলে থাকা অবস্থায় তিনি দলের জেলা সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সাথে সমন্বয় করে দলকে নেতৃত্ব দিয়ে নেতা-কর্মীদের আগলে রেখেছেন, আন্দোলন সংগ্রামে মাঠে নেতৃত্বে ছিলেন, মামলা-হামলা, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও দলের নেতা-কর্মীদের ছেড়ে যাননি।
১৯৯০ সালের পর তাঁর দল দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেও তিনি তেমন কোনো সুযোগ সুবিধা নেন নি। দলের জন্য, দেশের জন্য সবসময় তিনি ত্যাগ শিকার করে গেছেন। বিশেষ করে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনে তিনি দলের প্রার্থীর পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে দলের কাছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে এই জেলার পাঁচটি আসনেই দল মনোনীত প্রার্থীর পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করেছেন। চাঁদপুরে বিএনপির মাঠে সক্রিয় নেতাদের মধ্যে অ্যাড. সলিম উল্লাহ সেলিম সবচেয়ে সিনিয়র বলে নেতা-কর্মীরা উল্লেখ করেন। তাঁরা বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্টের অত্যাচার-নির্যাতন এবং জুলুম পার করে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের ১৭ মাসও বিএনপি পার করেছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এখন দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম দলের একজন পরীক্ষিত ত্যাগী নেতা। তাঁকে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে আমরা চাই।



