নারায়নপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ খেয়ে শিশু অসুস্থ

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে অবস্থিত রাফসান মেডিকেল কর্নার-এ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, গত ৩ মার্চ রাতে তিনি তার তিন বছর বয়সী সন্তানের জন্য বাজারের রাফসান মেডিকেল কর্নার থেকে একটি রিসেট সিরাপ ক্রয় করেন। বাড়িতে নিয়ে রাতে দুই চামচ সিরাপ খাওয়ানোর পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরদিন সকালে শিশুর মা ওষুধের প্যাকেটে উল্লেখিত মেয়াদ লক্ষ্য করে দেখেন, সেটির মেয়াদ শেষ হয়েছে মে ২০২৫-এ। বিষয়টি জানার পর আনোয়ার হোসেন পুনরায় ওই ফার্মেসিতে গেলে সেখানে আরও একটি মেয়াদোত্তীর্ণ ঔষধ দেখতে পান বলে অভিযোগ করেন।

বাজারের একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, দায়িত্বহীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তাদের প্রশ্ন—প্রায় আট মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধ এতদিন দোকানে বিক্রির জন্য কীভাবে রাখা হলো? তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে আরও অনেক রোগী ও শিশুর পরিবার প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন।

ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, “ওষুধ নেওয়ার সময় আমি একাধিকবার মেয়াদ ঠিক আছে কিনা জিজ্ঞেস করেছি। সেলিম ভাই বলেছিলেন মেয়াদ ঠিক আছে। আমার সন্তানের কিছু হলে আমি আইনি ব্যবস্থা নেব।”

এ ব্যাপারে দোকানদার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে এমন হবে না বলে আশ্বস্ত করেন।

এ ঘটনায় এলাকাবাসী মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত খবর