জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ৬ জেলে আটক

মতলব উত্তর প্রতিনিধি: সরকার ঘোষিত দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি মতলব উত্তরের মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করছে। বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ৬ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি মাছধরা নৌকা জব্দ এবং প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

নৌ পুলিশ সূত্র জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এরই অংশ হিসেবে ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার জলসীমায় রাতব্যাপী টহল জোরদার করা হয়। অভিযানে মোহনপুর, দশানি, বাহাদুরপুর, সটাকি, ষাটনল, বাহেরচর, এখলাছপুর ও চরওমেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেনÑ মো. বিল্লাল গাজী (৪১), মো. হানিফা সরকার (৫০), মো. শাহজালাল বেপারী (৩০), মোহাম্মদ আলী (৩২), মো. খোকন মিয়া (৪০) ও মো. ওসমান মোল্লা (১৯)। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সময় মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ ইলিশ উৎপাদনের ভিত্তি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অভিযানের পাশাপাশি জনসচেতনতা কার্যক্রমও জোরদার করা হয়েছে। হাট-বাজার, আড়ৎ ও লঞ্চঘাটে সচেতনতামূলক ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ এবং জেলে পল্লীতে উঠান বৈঠকের মাধ্যমে জাটকা সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি জেলেদের জন্য সরকারের প্রণোদনা ও বিকল্প কর্মসংস্থানের বিষয়েও অবহিত করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, নৌ পুলিশের ধারাবাহিক এ উদ্যোগ জাটকা সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর আইন প্রয়োগ ও ব্যাপক জনসচেতনতার মাধ্যমে জাটকা নিধন উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সম্পর্কিত খবর