
মহসিন হোসাইন: চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে গতকাল (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: নাজমুল ইসলাম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। গত ৭৪ বছর যাবত আমরা মাতৃভাষা দিবস পালন করে আসছি। ৭৪ বছর আগে একুশে ফেব্রুয়ারীর এই দিনে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে রাজপথে প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে।
তাদের আত্নহত্যাগের বিনিময়ে আমরা এই ৭৪ বছর ভয়ভীতিহীন ভাবে এই দিবসটি উদযাপন করে আসছি এবং মায়ের ভাষায় কথা বলতে পারছি। ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের ইতিহাস যাতে হারিয়ে না যায় সেজন্য পাঠ্যপুস্তকে কমপক্ষে একটি শ্রেণিতে তাদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে ইতিহাস আর বিকৃত করার সুযোগ থাকবে না। অন্যান্য ভাষার আগে বাংলাকে ধারণ করার আহ্বান জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেন, সরকারের বিভিন্ন দপ্তর যেখানে এখনো বাংলা ভাষাকে পুরোপুরি লালন করেন না, সেখানে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। জীবন দিয়ে অর্জিত ভাষার মর্যাদা সমুন্নত রাখা আমাদের সকলের দায়িত্ব।
দেশপ্রেম ঈমানের অঙ্গ, শহীদরা জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন। আমরা আজ এতো সুন্দর একটি দিন পেয়েছি কেবল মাত্র ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে। আমরা গভীরভাবে স্মরণ করছি সেই সকল শহিদদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাদেশ বিনির্মাণ হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম বলেন, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন না ২১ শে ফেব্রুয়ারী, ১৬ ই ডিসেম্বর, ২৬ মার্চসহ বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, তাদেরকে প্রশাসনিক ও রাষ্ট্রীয়ভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এই নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে আমাদের শহীদ মিনার, স্মৃতিসৌধ গুড়িয়ে দিতো। তাই তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।
স্বাগত বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন কোনো দেশ ভাষার জন্য আন্দোলন করতে হয়নি, শহিদ হতে হয়নি। কিন্তু আমাদের মাতৃভাষার জন্য শহিদ হতে হয়েছে। এটি পৃথিবীর আর কোথাও নেই। তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য জীবন দিয়েছিলেন মায়ের ভাষার জন্য, নিজেদের মাতৃভাষার জন্য। আজকে
আমরা এই দিবসটি পালন করে আসছি শুধু জানান দেয়ার জন্য যে, ১৯৫২ সালের এই দিনে কি হয়েছিল তা জাতিকে স্মরণ করিয়ে দিতে, শহিদদের কথা স্মরণ করিয়ে দিতে। সারাদেশে এই দিবসটি সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই দিবসটি পালন করা হচ্ছে।
এছাড়া তিনি তার মূল্যবান বক্তব্যে পত্রিকায় ইংরেজীতে টেন্ডার আহ্বান করার বিষয়টিকে একটি পুকুর চুরি বলেও উল্লেখ করেন। যেখানে বাংলা ভাষার জন্য এতো কিছু অথচ সেই বাংলায় গুরুত্ব না দিয়ে ইংরেজীতে টেন্ডার দেয়ার বিষয়টি তিনি তুলে ধরেন। এসময় তিনি ভাষা আন্দোলনে সকল শহিদেদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে তার মূল্যবান বক্তব্য শেষ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বলেন, একুশ মানে মাথা নোয়াবার নয়। একুশ মানে চির উন্নত মম শীর। ভাষা শহীদদের ইতিহাস ধারণ করে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই শহীদদের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মান করা সম্ভব হবে। শহীদরা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে মাতৃভাষা উপহার দিয়ে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ) মো: এরশাদ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগণ।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, সাহিত্য একাডেমি চাঁদপুর এর মহাপরিচালক কাদের পলাশসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন চাঁদপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হুদা ও সরকারী বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ হ্যাপি আক্তার।
অনুষ্ঠান শেষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হাতের লিখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আগত অন্যান্য অতিথিবৃন্দগণ।



