
মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর পুরাণ বাজারের রয়েজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে একটি ফ্লাওয়ার মিলে বীজ ভুট্টা ভাঙিয়ে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার অপরাধে হাছিনা ফ্লাওয়ার মিলসকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং পুরাণ বাজার পুলিশ ফাড়ির একটি টিমের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ছত্রাক নাশক ও রঙের প্রলেপ দেওয়া বীজ ভুট্টার গুড়া ধ্বংস করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করার পাশাপাশি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, বীজ ভুট্টায় ছত্রাক নাশক ও রঙের প্রলেপ দেওয়া থাকে যেটি মানুষ বা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করার সুযোগ নেই। তাই জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।



