চাঁদপুরের ৫টি আসনে ২৫ প্রার্থীর ভরাডুবি, সাড়ে ১২ লাখ টাকা জামানত বাজেয়াপ্ত

সাইদ হোসেন অপু চৌধুরী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মোট প্রদত্ত বৈধ ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৪৪(৩) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়-পরাজয়ের কারণে অধিকাংশ প্রার্থী এই শর্ত পূরণ করতে পারেননি। জেলায় ৫০ হাজারের বেশি ভোট পেয়েছেন ১১ জন প্রার্থী। অন্যদিকে ২৫ জন প্রার্থী ১৫ হাজারের নিচে ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের হিসাব মতে, চাঁদপুরে ভোটার ২৩ লাখ ৩১হাজার ১শ’ ৯৫। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৫৩.০৫% ভোটার। চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন, গণফোরাম মনোনীত প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন, জাতীয় পার্টির হাবিব খান ও গণঅধিকার পরিষদের মোহাম্মদ এনায়েত হোসেন জামানত হারিয়েছেন। এই আসনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন জামায়াতের প্রার্থী আবু নছর আশ্রাফীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে লেবার পার্টি মনোনীত প্রার্থী নাসিমা নাজনীন সরকার, রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ গোলাফ হোসেন, নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মো. এনামুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মানসুর আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়া জামানত হারিয়েছেন।

এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেনকে হারিয়ে বিজয়ী হয়েছেন। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলনে মনোনীত প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদীন শেখ, কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী এএইচএম আহসান উল্লাহ, গণফোরাম মনোনীত প্রার্থী সেলিম আকবর ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন জামানত হারিয়েছেন। এ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক জামায়াতের প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক, গণফোরাম মনোনীত প্রার্থী মোহাম্মদ মুনির চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম, ইসলামী আন্দোলনের প্রার্থী মকবুল হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জামানত হারিয়েছেন। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব এমএ হান্নান বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদকে হারিয়ে বিজয়ী হয়েছেন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ, ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মোহাম্মাদ মাহমুদ আলম,

জাতীয় পার্টি মনোনীত মির্জা গিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী পাটওয়ারী ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জামানত হারিয়েছেন। এ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক এলডিপির নেয়ামুল বশিরকে হারিয়ে বিজয়ী হন। চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, নির্ধারিত ভোটের কম পাওয়া প্রার্থীদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে। জেলার পাঁচটি আসনে প্রতিটি প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় ৫০ হাজার টাকা করে জামানত জমা দিয়েছিলেন। সে হিসাবে ২৫ জনের মোট ১২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে।

সম্পর্কিত খবর