হাজীগঞ্জ প্রেসক্লাবের সাথে মতবিনিমিয় ও শুভেচ্ছা

সাইফুল ইসলাম সিপাত : হাজীগঞ্জ প্রেসক্লাব-এর পক্ষ থেকে চাঁদপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সোনাইমুড়ীতে সাংসদের ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের নেতৃত্বে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নবনির্বাচিত সাংসদ বলেন, আগামী এক মাসের মধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বাজারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে যারা জড়িত, তাদের সুনির্দিষ্ট তথ্য আমাকে দিন। অপরাধ দমনে সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

এ সময় তিনি সাব-রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, ইঞ্জিনিয়ার অফিস, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ও দালালচক্র বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সালিশি বৈঠকের নামে প্রতারণার বিষয় উল্লেখ করে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “যারা বিচারের নামে প্রতিষ্ঠান খুলে বসেছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। মানুষের ক্ষতি করে কেউ পার পাবে না।”

নবনির্বাচিত এই সাংসদ আরও জানান, মুক্তিযোদ্ধা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য নির্ধারিত স্থানে স্থায়ী বসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হবে না এবং অপরাধ প্রমাণিত হলে বিচার নিশ্চিত করা হবে বলেও জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, মোহাম্মদ কামাল হোসেন, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয়, পর্যবেক্ষক সদস্য জাহিদ হাসান, সংবাদকর্মী মজিবুর রহমান রনিসহ অন্যান্যরা।

এ সময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হন ইঞ্জি. মমিনুল হক। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৯ হাজার ৭৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

সম্পর্কিত খবর