চাঁদপুর-১ কচুয়া আসনে বিজয়ী সংসদ সদস্য এহছানুল হক মিলনের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-১ (কচুয়া) আসনের ধানের শীষ প্রতীকে বিজয়ী সংসদ সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলন তার ফেসবুক পেইজে এক পোস্টে কচুয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি লিখেন ; আলহামদুলিল্লাহ। সম্মান দেয়ার একমাত্র মালিক মহান আল্লাহ’র, যিনি আমাকে কচুয়ার মাটি ও মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের সম্মান ও সুযোগ দান করেছেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সম্মানিত মুরুব্বিয়ান, মা-বোন-ভাইদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা, যারা আমার ওপর আস্থা রেখে আমাকে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। আজ আমি কেবল একজন সংসদ সদস্য নই আমি কচুয়াবাসীর গর্বিত সন্তান, আপনাদের সেবায় নিবেদিত দায়িত্বশীল একজন প্রতিনিধি।

আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই কচুয়ার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম ও স্বপ্ন আমার হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা কোনো ক্ষমতার পদ হিসেবে নয়, বরং একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করছি। ইনশাআল্লাহ, এই দায়িত্ব পালনে থাকবে না কোনো অহংকার—থাকবে শুধু বিনয়, সততা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি—সবার প্রতিই আমার দায়িত্ব সমান। কারণ আমি বিশ্বাস করি,

একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আর কোনো বিভাজন থাকে না—থাকে শুধু সম্মিলিত পরিচয়- আমাদের কচুয়া। আমি এমন কচুয়া গড়তে চাই, যেখানে কোনো মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাবে না, কোনো শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবে না, এবং কোনো তরুণ বেকারত্বের হতাশায় পথ হারাবে না।

শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং মৌলিক নাগরিক সেবা—এই পাঁচটি খাত আমার অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে থাকবে। আপনাদের দোয়া, ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতা পেলে, ইনশাআল্লাহ, আমি এমনভাবে কাজ করতে চাই—যাতে আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারে,

“তিনি ছিলেন আমাদের মিলন ভাই।” এখন সময় নতুন বাংলাদেশ গড়ার, নতুন দিগন্তের স্বপ্ন দেখার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে আমরা সবাই মিলে ন্যায়বিচার, সম্মান ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে আমি এই সেবার পথচলা শুরু করছি।
আপনাদেরই,

ড. আ ন ম এহছানুল হক মিলন
নবনির্বাচিত সংসদ সদস্য,
চাঁদপুর-১ (কচুয়া)।

সম্পর্কিত খবর