ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তায় কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত ॥ আহত ২

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায় করে মাছ কিনতে বাজারে যাওয়ার পথে মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আরিফ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেন এবং চালক-হেলপারকে আটক করে থানায় নিয়ে যান। নিহত রোমান ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন-একই গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ (১৭)।

স্থানীয়রা জানায়, সকালে রোমান ও তার দুই সঙ্গী চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ পড়ে মাছ কেনার উদ্দেশ্যে হেঁটে ভাটিয়ালপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন থেকে দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ১৩৩১২৪) তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ এর চালক মো. ইমরান (২৬) ও হেলপার মো. ইকরামকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ইমরান ও ইকরাম সহোদর। তারা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা। তাদের বাবা আনসার হাওলাদার। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালগামী ছিল বলে জানা গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর