মতলব নোয়াগাঁও ফাযিল মাদ্রাসায় শিক্ষা মানোন্নয়নে দিকনির্দেশনা সভা

মহসিন হোসাইন : চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নোয়াগাঁও ফাযিল মাদ্রাসায় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও ২০২৬ সালের দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার ফলাফল উন্নয়ন লক্ষ্যে এক পরিদর্শন ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ২০২৫ ইং) মাদ্রাসাটি পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

সভায় ২০২৬ সালের পরীক্ষার ফলাফল উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ, শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে পরিকল্পিতভাবে তত্ত্বাবধান, শ্রেণিকক্ষনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার, অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষকদের হোম ভিজিটিং কার্যক্রম, অভিভাবক সমাবেশ আয়োজনসহ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চেতনা বিকাশের বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া শিক্ষার্থীদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে বিরত রাখা, নিয়মিত খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণ নিশ্চিত করা, সাপ্তাহিক জলসা আয়োজন এবং শিক্ষকদের সময়মতো উপস্থিতি ও নির্ধারিত সময় পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থানের ওপর বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ দিকনির্দেশনাগুলো বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর