
মো: শওকত করিম : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দৈলবাড়ি এলাকায় স্ত্রীকে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই জালে জড়িয়ে পড়লেন এক স্বামী।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে।
পুলিশ জানায়, ওই রাতে রুহুল আমিন নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ দেন যে, দৈলবাড়ি এলাকার আফসানা আক্তার নামে এক নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার ঘরে ইয়াবা মজুত রয়েছে। তিনি জানান, আফসানাকে নজরবন্দি করে রাখা হয়েছে।
সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে রুহুল আমিন খাটের নিচে মাদক রয়েছে বলে জানালে পুলিশের সন্দেহ হয়। পরে খাটের নিচ থেকে ৩৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পরে রুহুল আমিন ও তার সহযোগী সোহাগকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন— আফসানার স্বামী মীর হোসেনের প্ররোচনায় স্ত্রীকে ফাঁসানোর উদ্দেশ্যে তারা এই কাজ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকেই রুহুল আমিন ও সোহাগকে আটক করে এবং বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলায় মীর হোসেন, সহযোগী জহির ও তারেকসহ মোট ৫ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধের জেরে স্ত্রীকে ফাঁসানোর জন্য স্বামী মাদক কারবারিদের সহযোগিতা নেন। শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ বলেন, “মামলায় উল্লেখিত আসামিরা মাদক কারবারির সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।” এদিকে থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার বলেন, “এটি একটি জঘন্য অপরাধ।
যারা এমন নোংরা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।” এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, “স্ত্রীকে ফাঁসাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই ফেঁসে গেলেন মীর হোসেন।”




