
মাসুদ হোসেন : “আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী কর্মশালা।
শনিবার (৩০ আগস্ট) চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক এইচ এম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনাদের এমন সুন্দর আয়োজনে আমাকে দাওয়াত দেয়ার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।তিনি বলেন, আপনি যদি রাস্তায় অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের কাউকেই স্বেচ্ছাসেবী পরিচয় দেয়া ঠিক হবে না।
আপনার মধ্যে যদি অসৎ চিন্তাভাবনা থাকে তাহলে এই এসোসিয়েশনের সদস্য হওয়ারও দরকার নেই। আর স্বেচ্ছাসেবক কখনোই অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে অনেক ভালো ভালো সংগঠন আছে, তার মধ্যে একটি রেড ক্রিসেন্ট। তাদের অনেক সুনাম রয়েছে। আপনাদের সংগঠনগুলোকেও কাজের মাধ্যমে ভালো সংগঠনগুলোর তালিকায় আনতে পারেন। স্বেচ্ছাসেবকের মূল কাজ হচ্ছে- যে নিজের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যক্তি বা সমাজের কল্যাণে কাজ করে। লোক দেখানো স্বেচ্ছাসেবকের দরকার নেই। অনেক সংগঠন বা স্বেচ্ছাসেবক বছরে একটি কাজ করে সারাবছর তা প্রচার করেন। এমন স্বেচ্ছাসেবকের প্রয়োজন নেই। সংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আশপাশ বা সমাজের প্রয়োজনীয় কাজগুলো করতে পারে।
তিনি বলেন, একজন অসহায় মেধাবী ছাত্র যদি টাকার অভাবে প্রাইভেট পরতে না পারেন, আপনারা যে যেই বিষয়ে পারদর্শী তাকে বিনামূল্যে প্রাইভেট পড়ান। এতেই হবে স্বেচ্ছাসেবকের আসল পরিচয়। যে ব্যক্তি মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত, তারা স্বেচ্ছাসেবক হওয়ার যোগ্যতা রাখে না।
স্বেচ্ছাসেবকরা একজন ভিক্ষুককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। একজন লোক রাস্তা পারাপার হতে না পারলে তাকে সহযোগিতা করেন। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেও কাজ করতে পারেন। যে নিঃস্বার্থভাবে কাজ করেন তিনিই প্রকৃত স্বেচ্ছাসেবী।
এসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়ে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ দেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।
এছাড়াও স্বেচ্ছাসেবী কর্মশালায় আরো দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ও সমাজকর্মীর দায়িত্বের উপর চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন, যুব সংগঠন নিবন্ধন ও সমাজসেবায় যুবদের ভূমিকার উপর চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়া, নেতা-নেতৃত্বের শৈলী ও কৌশল নিয়ে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, নেটওয়ার্কিং ও সম্পর্ক উন্নয়ন নিয়ে ইয়ুথ ফোরাম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী।
মাঝখানে দুপুরের খাবারের বিরতি দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য রাখেন মানবিক শওকত, টিপু চৌধুরী ও মিডিয়া এন্ড পাবলিক রিলেশন’স, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ ইউনূস। সমাপনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা সনদ তুলে দেয়া হয়।
এবং আগত অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় জেলার ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




