
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের শাহরাস্তিতে ভাড়াটিয়ার বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষে বাড়ির মালিক সোমবার (৪ ডিসেম্বর/২৩) রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বুধবার (২৯ নভেম্বর/২৩) তারিখ সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজির কামতা পাটোয়ারী বাড়ির মুন্সী ভিলাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ওই বাড়ির মোঃ তাজ উদ্দিনের বসত বাড়িতে গ্লোভ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মী মনির হোসেন ভাড়াটিয়া হিসেবে অবস্থান করেন।
ঘটনার দিন সন্ধ্যায় ওই গ্রামের মোঃ সফিউল্লাহ’র পুত্র মোঃ মানিক পাটোয়ারী (৩৫), মৃত আঃ রহিমের পুত্র নাহিদ পাটোয়ারী (২৫), নিজমেহার মজুমদার বাড়ির তাজুল ইসলাম মজুমদারের পুত্র রোমান মজুমদার (৩০), ফজলুল হকের পুত্র সিএনজি চালক মোঃ রফিকুল ইসলাম (৩২) সহ অজ্ঞাতনামা ৮/১০ জন লোক মনিরের ঘরে প্রবেশ করে। ওই সময় তারা মনির সহ তার পরিবারের লোকজনকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ঔষধ লুটে নেয়। এছাড়া ঘরের আসবাবপত্র ভাংচুর করে। মনিরের পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে কাউকে কিছু না বললে ও আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি ধমকি প্রদান করে।
এলাকাবাসীরা জানান, অনুমান ৮/১০ জন মাদকসেবী ও সন্ত্রাসী সন্ধ্যায় বাড়ির ভাড়াটিয়া মনিরকে জিম্মি করে ভয় ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও ঔষধসহ কিছু মালামাল লুট করে পুরো বাড়িটি লন্ডভন্ড করে দিয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



